অফস্ক্রিন
শাশ্বত চট্টোপাধ্যায় আর আশ্চর্য প্রদীপ
উজ্জয়িনী মুখোপাধ্যায়
কলকাতা, ২১ জানুয়ারি, ২০১৩
‘ভূতের ভবিষ্যত’ ছবিটার কথা নিশ্চয়ই আপনি ভোলেননি? সেই যে ছবিতে বর্তমান সমাজের ‘কনজিউমারিজম’-এর সাংঘাতিক অবস্থাটিকে ভয়ানক মজাদারভাবে দেখিয়েছিলেন পরিচালক অনীক দত্ত। এহেন অনীক এবার চিন্তিত হয়ে পড়েছেন কলকাতার দৈত্যদের নিয়ে। তাই তিনি বানাচ্ছেন নতুন ছবি ‘আশ্চর্য প্রদীপ’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘আশ্চর্য প্রদীপ’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। রোজভ্যালি প্রোডাকশনস-এর এই ছবিটির শ্যুটিং ইতিমধ্যেই বেশ কিছুটা সারা হয়ে গিয়েছে। ছবিতে থাকছে অনেকগুলো চমক। এই যেমন, রজতাভ ও শাশ্বতর ডুয়েট গান এবং রজতাভের মাথা ন্যাড়া করার একেবারে নতুন চমক!
ছবির কেন্দ্রীয় চরিত্র এক সেলসম্যান, তার নাম অনিল। সে ছবিতে জীবিকার ধর্ম বজায় রেখে জিনিস বিক্রি করবে, যদিও কী জিনিস বিক্রি করবে- সেটা জানাতে এখন নারাজ পরিচালক। তবে এই চরিত্রটিতে যে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, একথা এখন সকলেই জানেন। তো, আচমকাই একদিন অনিল খুঁজে পায় একটা প্রদীপ। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই ঘষা লাগার পর এটাট ভেতর থেকেও বেরিয়ে আসে একটা জিন বা দৈত্য। এই জিনের ভূমিকাতেই অভিনয় করছেন রজতাভ দত্ত।
এখন মধ্যবিত্ত মানুষ অনিল কোনও কিছু নিয়ে উচ্চাশা পোষণ না করলেও প্রদীপটি জীবনে আশার পর থেকেই বদল ঘটতে থাকে তার। নির্লোভ অনিলের মনে লোভের বাগদাদ ঢুকে পড়ে হুড়মুড় করে। তার পর কী হবে, সেটা জানা যাবে ছবি মুক্তির পরে। শাশ্বত-রজতাভ ছাড়াও ছবিতে দেখা যাবে শ্রীলেখা মিত্র, দেবব্রত রায় ও মুমতাজ সরকারের মতো বিখ্যাত শিল্পীদের। প্রসঙ্গত, ছবিতে একটি সুপারমডেলের ভূমিকায় অভিনয় করছেন মুমতাজ।
সীমাহীন লোভ, স্বার্থপরতা, চূড়ান্ত ভোগের মানসিকতা ও স্বার্থকেন্দ্রিক সময়ের প্রতি মিঠে রসের ব্যঙ্গ করেই অনীক বানাচ্ছেন তাঁর এই ছবি। ছবি জুড়ে জিনি আর সেল্সম্যানটির কথোপকথনে ফুটে উঠবে সেই কথা। এখন গ্লোবালাইজেশনের প্রতীক ওই আশ্চর্য প্রদীপটি ছবির মাধ্যমে মানুষের মনে কতটা নাড়া দেবে, কেমন করেই বা দর্শক নেবেন অনীকের এই নতুন এক্সপেরিমেন্ট, আর ভোগবাদিতারই বা কতটা সমাপ্তি হবে ছবিটা মুক্তির পরে, উত্তর পাওয়া যাবে ভবিষ্যতেই।













