কলকাতার খবর
বছরের শেষ দিনে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়
ডিজিটাল ডেস্ক
কলকাতা, ৩১ ডিসেম্বর, ২০১২
সোমবার ২০১২-এর শেষদিন। এই দিনটিকে ঘিরে অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা কল্পনা। কীভাবে কাটানো যায় বছরের শেষ দিনটা তাই নিয়ে আট থেকে আশি সকলেই নিজেদের মতো করে এই দিনটি কাটানোর পরিকল্পনা করছে। আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে পুরনো বছরকে বিদায় জানাতে সোমবার বহু মানুষ ভিড় জমিয়েছেন চিড়িয়াখানা, ময়দান, ভিক্টোরিয়া, তারামণ্ডল প্রাঙ্গণে। আবহাওয়া আরামদায়ক হওয়ায় এদিন চুটিয়ে আনন্দে মেতেছে কচিকাঁচারাও।
এদিকে নতুন বছরের প্রথম থেকেই ফের জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ গোটা রাজ্যেই ফের চলবে শীতের দাপট। পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এর কারণেই রাজ্যে অবাধে প্রবেশ করবে কনকনে ঠাণ্ডা উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর মনে করছে, বছরের প্রথম দিন থেকেই ফের হাড়কাঁপানো ঠাণ্ডায় কাঁপবেন রাজ্যবাসী। রাজ্যের পাঁচটি জেলায় ইতিমধ্যেই শৈত্য প্রবাহের সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দফতর। বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এই পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এরই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।













