খেলার খবর
শুধু গাওস্কর নয় সুনীল কামথ গাওস্কর
ডিজিটাল ডেস্ক
কলকাতা, ২১ জানুয়ারি, ২০১৩
মহেন্দ্র সিংহ ধোনিদের নাম না করে অন্য খেলার তারকাদের প্রশংসা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাওস্কর। সোমবার কলকাতায় একটি ক্রিকেট ইয়ার বুকের উদ্বোধনে এসে জয়দীপ কর্মকার-সহ ভারতের অন্য অলিম্পিক ক্রীড়াবিদদের দরাজ সার্টিফিকেট দিলেন সানি। একইসঙ্গে তাঁর আক্ষেপ, ২০১২ একদমই ভাল যায়নি ভারতীয় ক্রিকেটের।
ক্রিকেট-সহ সব খেলাতেই এখন প্রযুক্তির বাড়বাড়ন্ত। ক্রীড়া বিজ্ঞানকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে চ্যাম্পিয়নদের ব্রেন ম্যাপিং, জেনেটিক ক্লোনিং। তবে সানির সন্দেহ, এত কিছু সত্ত্বেও আরেকটা বীরেন্দ্র সহবাগ তৈরি করা সম্ভব কি না। বাঙালিদের যেমন রায় চৌধুরী, তেমনই জোড়া পদবীর প্রচলন আছে মরাঠিদের মধ্যেও। ভিন্ন মেজাজে সানি জানালেন, তাঁর পারিবারিক সূত্রে পদবী কামথ গাওস্কর। পড়ুয়াদের সঙ্গে আড্ডার মেজাজেই কিংবদন্তী জানালেন, ক্রিকেটজীবনে সবচেয়ে সমীহ করতেন অ্যান্ডি রবার্টসের বোলিংকে। অবসরের পর হরেক ভূমিকার মধ্যে তাঁর প্রিয় হবি লেখালেখি। কলেজ জীবনে একবার ভাল নম্বর পাননি। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে একবছর ক্রিকেট বন্ধ করে দিয়েছিলেন বাবা। তাই উঠতিদের জন্য সানির টিপস, পড়াশোনাকে উপেক্ষা করে কোনও কিছুতেই সাফল্য আসবে না।













