চলতি হাওয়া

নতুন যুগের নতুন অ্যাপস্

উজ্জয়িনী মুখোপাধ্যায়
কলকাতা, ৫ ডিসেম্বর, ২০১২

টেক্সট্ ছাড়াও রয়েছে হাজার একটা বিকল্প। ছবি- অপর্ণা ঘোষ

ভরা ক্লাস বা অফিসের দরকারি মিটিং-টির মাঝে, টেবিলের নিচে হাত নিয়ে গিয়ে প্রায়ই না দেখেই কি আপনি টেক্সট করে থাকেন? কিম্বা দুর্ধর্ষ গতিতে রেষারেষি করে চলতে থাকা বাসটিতে বাদুড়ঝোলা ঝুলেও এক হাত দিয়ে রড ধরে অন্য হাতে তক্ষুনি 'না করলেই নয়'- এমন মনোভাব নিয়ে হুড়মুড় করে টেক্সট করেন? সত্যি করে বলুন তো, সেটা কি সময়ে সময়ে বেশ ঝক্কির ব্যাপার নয়? সবাই বলবেন, আলবাত, তা তো বটেই! আর সেই জন্যেই টেক্সট-এর এখন কপাল পুড়েছে। তার জায়গায় চলে এসেছে এরকমই নানান দরকারি অ্যাপস্!

আসলে ঘুমে-জাগরণে, স্নানঘরে, বিলাসভ্রমণে, মধুরাতে, ঝগড়ার মুহূর্তে, রান্নায় ঠিকঠাক ফোড়নটা দিতে দিতে, বাগান সাজাতে সাজাতে করে ফেলা টেক্সট বস্তুটি এখন ওই কী যেন বলে, ফুড-শেলটার-ক্লোদিং (খাবার-ছাদ-কাপড়)-এর মতোই অনিবার্য নেসেসিটি বা দরকার বলে মনে করা হয়। এসএমএস থেকে তাই জন্যেই হয়তো এই কাছের জিনিসটির আদরের নাম হয়ে গেছিল 'টেক্সট'। কিন্তু যে কোনও জিনিসই সময়ের নিজস্ব দাবিতে পুরনো হতে বাধ্য। টেক্সট্ ব্যাপারটাও তাই এখন সমাজ আর অর্থনীতি বিবর্তনের এক ধাক্কায় সীমাবদ্ধ হয়ে গিয়েছে কম রোজগেরে মানুষের মধ্যেই। উচ্চবিত্তদের জন্য এখন টেক্সট্ ছাড়াও রয়েছে হাজার একটা বিকল্প।

তো, এই চলতি সময়ের বদলি টেক্সটকাহন শুনবেন? এখন নিছক টাইপ করে টেক্সট পাঠানো বা এককভাবে লেখা কথোপকথন করার চেয়ে জেন-ওয়াই বেশি পছন্দ করছে বিভিন্ন টেক্সট অ্যাপস্ বা মেসেঞ্জারের মাধ্যমে কথাবার্তার ফুলঝুড়ি! এই ধরুন না, ভারতের যে কোনও জায়গায় এমনিতে টেক্সট করতে যখন আপনার বেশি টাকা লাগে বা ভরিয়ে ফেলতে হয় বিশেষ এসএমএস প্যাক, তার জায়গায় জেন-ওয়াইয়ের এখন স্মার্ট চয়েস হরেক রকম টেক্সট মেসেঞ্জার। তাতে ঝক্কি-টক্কি নেই বললেই চলে; এমনকি বাড়তি কোনও খরচও লাগে না।

তেমনই এই সময়ের সবচেয়ে জনপ্রিয় টেক্সট মেসেঞ্জারের মধ্যে 'হোয়াট্স অ্যাপস্' অন্য কিছুর তুলনায় অনেকটাই এগিয়ে! উঁহু, টাকা-পয়সা লাগে না। শুধু মাত্র অ্যাপস্-টিকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারলেই সারা ভারত জুড়ে বিনামূল্যে এসএমএস করা যায়। এছাড়া ব্ল্যাকবেরি ফোন ব্যবহারকারীদের জন্য আছে আরও এক বিশেষ অ্যাপ- 'বিবিএম'। বড় করে বললে যার নাম 'ব্ল্যাকবেরি মেসেঞ্জার'। কী হয় তা দিয়ে? এই অ্যাপস্-এর সুবিধেটুকু বলাই বাহুল্য উপভোগ করেন শুধু ব্ল্যাকবেরি-মালিকেরাই; পরস্পরের মধ্যে যে কোনও জায়গা থেকে বিনামূল্যে টেক্সট চালাচালি করতে এর জুড়ি নেই।

এই প্রযুক্তিতে অবশ্য পিছিয়ে নেই আই-ফোন ব্যবহারকারীরাও। আই-ফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে 'হোয়াট্স মি'! এই অ্যাপস্-টি দিয়ে আই-ফোন ব্যবহারকারীরা নিজেদের মধ্যে অনায়াসে হরেক কায়দাতে যোগাযোগ চালাতে পারেন। এছাড়াও তালিকায় রয়েছে 'নোকিয়া এসএমএস লাইভ' বা স্যামসাঙ মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য 'স্যামসাঙ এসএমএস লাইভ'। এভাবেই এসব অ্যাপসগুলির দ্বারা এই সময়ের টেক্সট-পাগল মানুষরা মাতিয়ে তুলছেন পরস্পরের ইনবক্স।

কী ভাবছেন? আপনি কি পিছিয়ে রয়েছেন প্রতিযোগিতায়? মুষড়ে না গিয়ে বাজার থেকে এমন একটা অ্যাপস্-সহায়ক ফোন নিয়ে এলেই তো কেল্লা ফতে! তারপর, যেভাবে খুশি; সেভাবেই না-হয় যোগাযোগ করুন পছন্দের মানুষজনের সঙ্গে।

 

অন্যরা যা পড়ছেন

এই বিষয়ে আরও

জনপ্রিয়

সমস্ত ভিডিও

মোস্ট ওয়ান্টেড জামাই

এবিপি আনন্দ

দেখেছেন 64 জন

মহাকরণে মুরগি চমক

এবিপি আনন্দ

দেখেছেন 28 জন

বিষ রঙে 'বিষাক্ত' সবজি

এবিপি আনন্দ

দেখেছেন 36 জন

ফিরে আসছে সুপারম্যান

ওয়ার্নারব্রাদ্রার্সপিকচার্স

দেখেছেন 110 জন

কলকাতার ভিড়ে নাকাল রণবীর

এবিপি আনন্দ

দেখেছেন 93 জন