দেশের খবর
জোট ভাঙার হুমকি দিলেন পওয়ার
ডিজিটাল ডেস্ক
কলকাতা, ৩১ ডিসেম্বর, ২০১২
এনসিপি নেতা শরদ পওয়ার হুঁশিয়ারি দিলেন কংগ্রেসকে। এনসিপি ২০১৪-র লোকসভা নির্বাচনে ইউপিএ-টু সরকারের সঙ্গে থাকবে কিনা সে ব্যাপারে দল পুনর্বিবেচনা করবে বলে রবিবার কংগ্রেসকে হুঁশিয়ারি দেন এনসিপি নেতা শরদ পওয়ার। তাঁর দাবি, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এনসিপির।
গুজরাতে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়েছিল এনসিপি। ৯টি আসন এনসিপির জন্য নির্ধারিত থাকলেও তারমধ্যে ৫টি আসনে প্রার্থী দেয় কংগ্রেস। বাকি ৪টিতে বিক্ষুব্ধ কংগ্রেস প্রার্থীরা এনসিপির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এ কারণেও এনসিপি নেতা কংগ্রেসের ওপর ক্ষুব্ধ বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এনসিপি-র কোনও বক্তব্যকেই কংগ্রেস গুরুত্ব দিচ্ছে না বলে দাবি শরদ পওয়ারের। এরকম চলতে থাকলে জোট নিয়ে এনসিপি পুনর্বিবেচনা করবে বলে আজ কেরালার একটি অনুষ্ঠানে বলেন তিনি।













