বইপাড়া

সহজ পাঠ : বই-চিত্র

Rating:
0

লেখক- আবীর কর, প্রকাশক- দিশা, দাম- ১০০টাকা

জয়দেব মিশ্র
কলকাতা,৪ ডিসেম্বর ২০১২

প্রিভিউ
Book Riview

সমাদৃত হবে আশা করা যায়। ছবি- দিশা।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় দিয়ে যে সব বাঙালি শিশুর বর্ণের সঙ্গে আলাপ, সেই সব শিশুর প্রথম পাঠ যোগীন্দ্রনাথ সরকারের হাসিখুশি এবং রবীন্দ্রনাথের ‘সহজ পাঠ’। ‘সহজ পাঠ’ শুধুমাত্র নীরস পাঠ্যগ্রন্থ নয়, স্বপ্নপ্রিয়, কল্পনাপ্রবণ শিশুর জন্য এই গ্রন্থ রচিত হয়েছে কবির কলমে। সহজ পাঠ সম্পর্কে বুদ্ধদেব বসুর বক্তব্যটি স্মরণীয়- ‘যে বয়সে ক-খ লিখলেই যথেষ্ট সেই বয়সেই সাহিত্যরসে দীক্ষা দেয় সহজ পাঠ; এই একটি বইয়ের জন্য বাঙালি শিশুর ভাগ্যকে জগতের ঈর্ষাযোগ্য বলে মনে করি।’

বাস্তবিক ‘সহজ পাঠ’-এর সঙ্গে প্রায় প্রতিটি বাঙালি শিশুর সম্পর্ক, তাই বড় হয়েও ‘সহজ পাঠ’, ‘হাসিখুশি’, ‘বর্ণ পরিচয়’ গ্রন্থের নাম উচ্চারণে এক নস্টালজিয়া কাজ করে। সদ্য প্রকাশিত আবীর করের ‘সহজ পাঠ : বই-চিত্র’ গ্রন্থটি হাতে নিয়ে এক নস্ট্যালজিয়া কাজ করে। তরুণ গবেষক আবীর কর দীর্ঘদিন ধরে বাংলা প্রাইমার ও পাঠ্যপুস্তক চর্চায় নিযুক্ত, বাংলা অক্ষরকেন্দ্রিক অবণীঠাকুরের ‘চিত্রাক্ষর’ গ্রন্থটি তাঁর সম্পাদনায় ‘ভাষাবন্ধন’ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। তাঁর 'সহজ পাঠ : বই-চিত্র' গ্রন্থটিতে রবীন্দ্রনাথের বই ও নন্দলালের চিত্রযোগে সহজ পাঠের বৈচিত্র্য অন্বেষণই মূল উদ্দেশ্য। লেখক গ্রন্থটিকে দুটি ভাগে ভাগ করেছেন, প্রথম পর্বে সহজ পাঠের গড়ে ওঠা, অর্থাৎ সহজ পাঠের পাণ্ডুলিপি থেকে প্রকাশিত সহজ পাঠ-এর পূর্ণ পাঠান্তর, যা রবীন্দ্র-গবেষকদের কাছে অতীব মূল্যবান। সহজ পাঠের পাণ্ডুলিপি ঘেঁটে রবীন্দ্রনাথের ‘নির্দেশ/নির্দেশিকা’র নিদর্শনগুলি মজাদার এবং নতুন ভাবনার উদ্বেগ ঘটায়। ‘শিশু ভোলানাথ’ থেকে সংগৃহীত সহজ পাঠের দ্বিতীয় ভাগের কবিতা এবং সহজ পাঠের জন্য লেখা কবিতা যোগে ‘চিত্র বিচিত্র’ গ্রন্থ প্রকাশের তথ্যটি জানা থাকলেও লেখক বিষয়টিকে সুন্দরভাবে পরিবেশন করেছেন।

‘সহজ পাঠ : বই-চিত্র’ গ্রন্থের অতীব মূল্যবান অংশ এর ‘চিত্র’ পর্বটি। ‘সহজ পাঠ’-এর প্রথম সংস্করণের দুর্লভ ছবি, সহজ পাঠ প্রকাশের নির্দিষ্ট সময়-কাল নির্ণয় গ্রন্থটির গ্রহণযোগ্যতাকে বৃদ্ধি করেছে। সহজ পাঠের প্রথম ছবির উজ্জ্বল উদ্ধারে সহজ পাঠ অলঙ্করণের এক অনালোকিত দিক উঠে এল। নন্দলাল বসুর আঁকা প্রথম দিকের ছবি এবং পরবর্তী ছবির মাধ্যমগত পার্থক্য ও চিত্রধর্মিতার ভিন্নতা প্রসঙ্গেও সুদীর্ঘ আলোচনা আছে গ্রন্থটিতে। তবে আলোচনার বিষয যখন ছবি, তখন তার চাক্ষুষ পরিচয়টাই মুখ্য, এখানেও ‘চিত্র বদলের চিত্র’ শিরোনামে শ্রীমান আবীর কর পাঠকের সুবিধার্থে তুলে ধরেছেন সেই তুলনাচিত্র। আবারও বলছি প্রথম সংস্করণের দুর্লভ ছবি যোগে আলোচনাটি বৈচিত্র্যময়।
 
সহজ পাঠ অলঙ্করণের আলোচনা শুধুমাত্র নন্দলাল বসুতে থেমে নয়, আলোচনার প্রসার ঘটেছে রবীন্দ্র-গ্রন্থস্বত্ত্ব স্বমুক্তির পর নবচিত্র যোগে সহজ পাঠ অবধি। একালের নামজাদা শিল্পীদের রঙিন অলঙ্করণের পাশাপাশি নন্দলাল বসুর সাদা-কালো ছবির তুলনাচিত্রটিও লেখক উপস্থাপন করেছেন পাঠকের দরবারে।
 
দুই পর্বের আলোচনা শেষে ‘সহজ পাঠ’ ও তার ছবি সম্পর্কিত নানাজনের মন্তব্য ‘একযোগে’ আর এক বাড়তি পাওনা। এর পাশাপাশি কয়েকটি ত্রুটির দিক- অন্যান্য শিল্পীদের আঁকা ছবির সঙ্গে নন্দলালের ছবির তুলনা অংশে ছবির পাশে শিল্পীর নাম থাকা জরুরি ছিল, নামহীন ছবিতে পাঠক বিভ্রান্ত হবেন। বেশ কয়েকটি মুদ্রণ প্রমাদও চোখে পড়ল। ‌ডলার মণ্ডলের প্রচ্ছদ গ্রাফিক্স নজরকাড়া, গ্রন্থমধ্যে শিউলি কর (??)-এর রবীন্দ্রনাথ ও নন্দলালের মুখাবয়বের স্কেচ দুই ব্যক্তিত্বের স্বাক্ষর গ্রন্থটির মানমর্যাদা বৃদ্ধি করেছে। দিশা প্রকাশনা থেকে প্রকাশিত ‘সহজ পাঠ : বই-চিত্র’ গ্রন্থটি মননশীল পাঠকের কাছে সমাদৃত হবে আশা করা যায়।
 

অন্যরা যা পড়ছেন

এই বিষয়ে আরও

জনপ্রিয়

সমস্ত ভিডিও

মোস্ট ওয়ান্টেড জামাই

এবিপি আনন্দ

দেখেছেন 92 জন

মহাকরণে মুরগি চমক

এবিপি আনন্দ

দেখেছেন 47 জন

বিষ রঙে 'বিষাক্ত' সবজি

এবিপি আনন্দ

দেখেছেন 59 জন

ফিরে আসছে সুপারম্যান

ওয়ার্নারব্রাদ্রার্সপিকচার্স

দেখেছেন 127 জন

কলকাতার ভিড়ে নাকাল রণবীর

এবিপি আনন্দ

দেখেছেন 114 জন