বইপাড়া
কলকাতায় মনীষীদের বাড়ি
লেখক- পীতম সেনগুপ্ত, প্রকাশক- শিশু সাহিত্য সংসদ, দাম- ৬০ টাকা
শর্মিষ্ঠা দত্ত
কলকাতা,৭ ডিসেম্বর ২০১২
প্রিভিউ
সানকিডাঙার বঙ্কিমকে চেনেন?
চমকে যাবেন না। উনিশ শতকের শেষের দিকে এমন প্রশ্ন করে ফেলতেই পারতেন পথ-হারানো কোনও পথিক। ওই অঞ্চলেই একদা থাকতেন তিনি। কলুটোলা স্ট্রিট আর মেডিক্যাল কলেজ স্ট্রিটের দুদিকে তখন পুরনো ভাঙা চিনেমাটির বাসন আর কলাইকরা থালাবাসন বিক্রির দোকান ছিল। ও ধরনের বাসনগুলোকে সে কালে ‘সানকি’ বলা হত। সেই থেকেই অঞ্চলটার নাম হয় সানকিডাঙা। ও অঞ্চলের প্রতাপ চ্যাটার্জি লেনে বাড়ি কিনেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যখন কিনেছিলেন তখন দোতলা ছিল, পরে তিনিই বাড়িটিকে তিনতলা করেন। ওই বাড়ি থেকেই তিনি কর্মস্থল হাওড়ায় যাতায়াত করতেন।
কলকাতায় মনীষীদের বাড়ি আর তার এমনই সব ভিতরের কথা নিয়ে ছোট্ট, ছিমছাম একটা বই লিখেছেন পীতম সেনগুপ্ত। যাঁদের বাড়ির কথা সে বইয়ে আছে তাঁরা হলেন, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, জগদীশচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র রায়, স্বামী বিবেকানন্দ, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, আশুতোষ মুখোপাধ্যায় এবং সুভাষচন্দ্র বসু। কেবল সাল-তারিখের কচকচি নয়, নিছক ইতিহাস-বইয়ের পুনরাবৃত্তি নয়, তথ্যকে ছোটদের জন্য গল্পের মতো করে লিখেছেন পীতম।
প্রয়োজনমতো স্মৃতিচারণ খুঁজে এনেছেন তিনি। যেমন, ১০০ নং গড়পার রোডে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়ি সম্পর্কে সত্যজিৎ রায়ের, ‘যে বাড়িতে আমার জন্ম, সেই একশো নম্বর গড়পার রোডে আমি ছিলাম আমার পাঁচ বছর বয়স পর্যন্ত। তারপর অনেক বাড়িতে থেকেছি, আর সবই দক্ষিণ কলকাতায়। কিন্তু গড়পার রোডের মতো এমন একটা অদ্ভুত বাড়িতে আর কখনও থাকিনি।’
বইয়ের প্রতিটি লেখার সঙ্গে কুশল গঙ্গোপাধ্যায়ের তোলা ছবি আর চন্দন বসুর সামগ্রিক গ্রন্থসজ্জা বেশ ভাল। আশা করব কলকাতার আরও বিখ্যাত সব বাড়ি নিয়ে আবারও লিখবেন পীতম, তাঁর সুখপাঠ্য গদ্যে।
















