বইপাড়া
মুক্ত নিকারাগুয়া
লেখক - কবীর সুমন, প্রকাশক - সপ্তর্ষি, দাম - ২০০ টাকা
আশিস পাঠক
কলকাতা, ২২ এপ্রিল, ২০১২
প্রিভিউ
বিপ্লব বাঙালির বড় প্রিয়, পরিচিত শব্দ৷ শহরের রাজপথে মাঝে মাঝেই 'খুচখাচ' বিপ্লব ঘটে যায়৷ এবং বিপ্লবস্পন্দিত বুকে অনেকের অনেক কিছু মনে হয়৷কিন্তু সত্যিকারের বিপ্লব যাকে বলে, ক'জন বাঙালি তার প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছেন? করা সম্ভবও নয়৷ কিন্তু পরোক্ষ অভিজ্ঞতার খোঁজ তো রাখা যায়৷তাই বা রাখেন ক'জন? সংখ্যাটা নিশ্চয় মুষ্টিমেয়৷ নইলে বছর কুড়ি আগে নিকারাগুয়ার বিপ্লবের অব্যবহিত পরে মুক্ত নিকারাগুয়ার প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে এক সাংবাদিকের কলমে যে বই প্রকাশিত হয়েছিল তা এমন শিকেয় তুলে রেখেছিল কেন বাঙালি? অথচ সেই সাংবাদিক মানব মিত্র এ বঙ্গের এক প্রথম সারির সঙ্গীতশিল্পী, শুধু শিল্পী বললে কম বলা হয়, সঙ্গীতস্রষ্টা৷ প্রায় প্রতি দিন টিভিতে মুখ দেখা যায় তাঁর৷ সেই সাংবাদিকের নাম সুমন চট্টোপাধ্যায়, অধুনা কবীর সুমন৷
মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকায় সাংবাদিকতারত সুমন চট্টোপাধ্যায় মানব মিত্র ছদ্মনামে লিখতেন দেশ ও সমর সেনের ফ্রন্টিয়ার পত্রিকায়৷নিকারাগুয়ার বিপ্লবী সরকার ও সান্দিনিস্তারা কতটা মানবতাবিরোধী, স্বৈরাচারী সে কথাই বলে যেতেন দিনের পরে দিন, পেটের দায়ে৷ যেমন, অনেকেই বলে যান৷কিন্তু পাশাপাশি নিজের কথা, সত্যদৃষ্টির কথাও লিখেছিলেন তিনি৷ মুক্ত নিকারাগুয়া কবীর সুমনের প্রথম বই, মানব মিত্র ছদ্মনামে প্রকাশিত হয়েছিল ১৯৮৬-তে৷ পিট সিগারের সহায়তায়, নিকারাগুয়া সরকারের আমন্ত্রণে সাংবাদিক হিসেবে এক পক্ষ কাটিয়েছিলেন সুমন, নিকারাগুয়ায়৷ সে দেশের হৃত্পিণ্ডে তখনও ধকধক করছে বিপ্লব৷ সেই দিনগুলি রাতগুলির কথা লিখেছেন সুমন, এই বইয়ে৷কুড়ি কুড়ি বছরের পার সে বই আবার, বাংলা গানের বাঁকবদল করে দেওয়া তোমাকে চাই-এর কুড়ি বছরে৷ সুমন অনেক ছবি তুললেও প্রথম সংস্করণে যায়নি সেগুলি৷বাক্সপ্যাঁটরা ঘেঁটে তার কিছু প্রকাশিত হয়েছে এই সংস্করণে৷ অবশ্য মূল ছবির মানের কারণেই হোক বা অন্য কোনও কারণে, তাদের মুদ্রণমান পাতে দেওয়ার মতো নয়৷তবু, সেটুকু পরের সংস্করণে নিশ্চয় শুধরে যাবে৷ এই ৬৩-তেও যিনি মাঝেমধ্যেই নানা টগবগ ঘটনা ঘটান তাঁর এই অন্য পরিচয় চমকে দেওয়ার মতো, সন্দেহ নেই৷
















