বিনোদন
নাম-ডাকে সাবধান
সৌম্য পাকড়াশি
কলকাতা,৯ ডিসেম্বর ২০১২
নাহ! আর সম্ভব নয়! এবার একটু সমঝে কথা বলতে হবে! অন্তত কাউকে সম্বোধন করার ক্ষেত্রে! কেননা, নাম বিকৃত করার অভিযোগে কিন্তু আপনিও অভিযুক্ত হয়ে যেতে পারেন! বি-টাউনের একজন প্রথম সারির তারকা কিন্তু বেজায় চটেছেন এই নাম বিকৃতির ইস্যুকে কেন্দ্র করে! যদিও জানা গেল তাঁর এই রাগ জমে রয়েছে বহু আগে থেকেই, কিন্তু আমরা অবগত হলাম কিছুদিন আগেই। সম্প্রতি এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন নাম বিকৃতির ব্যাপারে তাঁর চূড়ান্ত অসন্তোষের কথা! কার কথা বলছি, বোঝা কিন্তু খুবই সহজ! এমন প্রকাশ্য অসন্তোষ উগরে দিতে কজনই বা পারেন, কে কী ভাবলেন সেই তোয়াক্কা না করে? পারেন একজনই, তিনি বলিউডের 'ভাই' সল্লু মিঞাঁ!
এই রে! সর্বনাশ করে ফেললাম! আমি ক্ষমাপ্রার্থী! আসলে বহুদিনের অভ্যেস তো; তাই বলে ফেলেছি, অন্যায় হয়েছে! অবাক হবেন না! বরং আপনারা কেউ যদি সলমন খানকে 'ভাই' বা 'সল্লু' সম্বোধন করার মতো সর্বনেশে পাপটি করে থাকেন, তবে এক্ষুনি ক্ষমা চেয়ে নিন সলমনের কাছে, ব্যক্তিগতভাবে সম্ভব না হলে মনে মনে বা পাবলিক ফোরামে। এ ব্যাপারে পাপস্খলন আপনার প্রাথমিক কর্তব্য!
আসলে হয়েছে কী, সলমনকে প্রশ্ন করা হয়েছে তাঁর ডাকনাম নিয়ে। ব্যস, আর যায় কোথায়! নিজের এ ব্যাপারে সমস্ত জমে থাকা রাগ উগরালেন সলমন খান। বললেন অপরিচিত লোকেদের তাঁকে 'ভাই' সম্বোধন একদমই পছন্দ করেন না তিনি, তাঁকে ভাই বলে ডাকার অধিকার শুধুই তাঁর দুই ভাই আরবাজ এবং সোহেল-এর। এরপর প্রসঙ্গ উঠল 'সল্লু' নাম-ডাকটির। এক্ষেত্রেও একেবারে বোমার মতো ফাটলেন সলমন। বললেন, কেউ তাঁকে ভালবাসা থেকে 'সল্লু' বলে ডাকলে সেটা তাঁর ডাকের ভঙ্গিমা থেকেই বুঝে ফেলা যায়! কিন্তু খামোখা আত্মীয়তা ছাড়াই একজন অপরিচিত লোক তাঁকে 'সল্লু' সম্বোধন করবে কেন? সত্যি তো! খুব অন্যায় কথা! আসলে 'সল্লু' নামটা সলমনের বন্ধু এবং সহকর্মী জ্যাকি শ্রফ-এর দেওয়া। সলমনের কথায় জ্যাকিও সবার সলমনকে 'সল্লু' সম্বোধনের ঘটনায় বিরক্ত, তাই জ্যাকির মুখে এখন আর 'সল্লু' না, 'স্যালি' নামে সম্বোধিত হন সলমন। এও জানতে ভুললেন না নায়ক যে, সলমন নামটি তাঁর পিতৃদত্ত এবং তাঁর নিজেরও খুব পছন্দের নাম। বাকিরা যেন সেটা মাথায় রেখে তাঁকে ওই নামেই ডাকার চেষ্টা করেন, জানালেন দাবাং। যদিও বেশ চুলবুল-এ মুডে একথা বলেছিলেন সলমন; তবু সবাইকে আরও একবার সাবধান করছি। বলা তো যায় না, কী থেকে কী হয়!













