বিনোদন
বিদ্যার বিয়ের ডার্টি গল্প
সৌম্য পাকড়াশি
কলকাতা,১৭ ডিসেম্বর ২০১২
'ডার্টি' তকমাটা কি বিদ্যা বালন-এর পিছু কোনও দিন ছাড়বে? বলিউডে যা কানাকানি, তাতে অদূর ভবিষ্যতে সেটা হওয়ার আশা প্রায় নেই বললেই চলে। এই যেমন, আপাতত 'ডার্টি' তকমা পেয়েছে নায়িকার বিয়ে! এখন কথা হল, বিয়েটা খুব বড়জোর 'নটি' হতে পারে; তাই বলে 'ডার্টি'? তা, বলিউড কেন কানাকানি করছে বিদ্যার বিয়ে নিয়ে?
আসলে বিয়েতে যে একান্ত ঘনিষ্ঠ মানুষ ছাড়া আর কাউকে পা-টিও ফেলার আমন্ত্রণ জানাননি নায়িকা। নিজের বিয়ের সঙ্গীতের অনুষ্ঠানকেও রেখেছিলেন একান্তই ব্যক্তিগত। মিডিয়াকে আমন্ত্রণ দূরে থাক, তাদের আগমনেও ঘোর আপত্তি ছিল তাঁর। তাই নিজের পরিবার এবং কাছের মানুষজনদের নিয়ে ঘরোয়া পরিবেশেই সূচনা করলেন জীবনের দ্বিতীয় ইনিংসের। নিন্দুকরা অবশ্য বলছে, সিদ্ধার্থ রায় কপূর 'ওয়ান টাইম ডিভোর্সি' বলেই এত রাখ-রাখ-ঢাক-ঢাক!
অবশ্য রীতিমতো গসিপ-প্রিয় মানুষ ছাড়া এই ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া করছেন না কেউই। বিদ্যার বিয়ে বলিউডের কাছে 'ডার্টি' হয়েছে তাঁর বিয়ের জন্যে কাজ থেকে ছুটি নেওয়ায়! তা, খামোখা এমন কথা কেন? বিদ্যা কি কিছুটা গা-ছাড়া নিজের পরবর্তী ছবি নিয়ে? বলিউড অন্তত তাই বলছে। বিদ্যা এখন মাত্র একটিই ছবির শ্যুটিং করছেন। ছবির নাম 'ঘনচক্কর', ছবির পরিচালক রাজকুমার গুপ্ত এবং ছবিতে বিদ্যার সহ-অভিনেতা ইমরান হাশমি। শোনা যাচ্ছে যে, শুধু বিদ্যার বিয়ের কথা ভেবে পরিচালককে খুবই তাড়াহুড়ো করে শেষ করতে হচ্ছে ছবির চিত্রায়ন। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়! বিয়ের জন্যে যেমন তেমন করে শেষ করতে হবে শ্যুটিং- এরকম আবদার জুড়েছেন নায়িকা?
সরাসরি আবদার না জুড়লেও এটা নায়িকা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে, বিয়ের জন্য কাজ থেকে এক দীর্ঘ ছুটি নিতে চলেছেন তিনি। ফলে নায়িকা মুখে কিছু না বললেও উদ্বিগ্ন পরিচালক যতটা সম্ভব, কাজ শেষ করেছেন দ্রুত গতিতে। তাছাড়া বিয়ের আগেও খুব ফ্রিকোয়েন্ট সময়ে ছবির শুটিং চলেছে। খুব কম সময়ের ব্যবধানে শুধুই বিদ্যার জন্যে সবাইকে, এমনকি ছবির নায়ক ইমরানকেও ডেট ম্যানেজ করতে হয়েছে। ফলে অসন্তোষ একটা রয়েছেই 'ঘনচক্কর' শিবিরে।
এ তো গেল বিয়ের আগের কথা! কিন্তু আরও সর্বনেশে খবর বাকি! বিয়ে সেরে ফেলার পরেও যে ছবির শ্যুটিং নিয়ে একইরকম দায়সারা বিদ্যা। এখনও তিনি ছবির বাকি শ্যুটিং শেষ করতে চান খুব তাড়াতাড়ি। কারণ যে আসন্ন মধুচন্দ্রিমা। আজ্ঞে হ্যাঁ, হানিমুন নিয়ে ব্যতিব্যস্ত বিদ্যা এখন বাঁচেন কোনও মতে বাকি শ্যুটিং সেরে ফেলতে পারলে। তারপরেই সমস্ত কাজকে বাই-বাই বলে রোম্যান্টিক যাত্রা শুরু করবেন নায়িকা। কথা দিয়েও যত্ন করে ছবির কাজ শেষ না-করায় তাই এখন বলিউড বিদ্যার ওপর যে ভালই চটে আছে, তা আর ফলাও করে না বললেও চলে।
ঠিক এই জায়গা থেকে উঠে আসছে আরেকটা প্রশ্নও। মা হওয়ার সময় ঐশ্বর্যা মধুর ভান্ডারকরের 'হিরোইন' ছবির কাজ মাঝপথে ছেড়ে দেওয়ায় যেমন তোলপাড় উঠেছিল বলিউডে, বিদ্যার বিয়ে নিয়েও অনেকটা তাই হচ্ছে। তাহলে ব্যক্তিগত জীবন বলতে কি কিছুই উপভোগ করতে পারবেন না নায়িকারা? এই প্রশ্নটার জবাব অবশ্য বলিউড দিচ্ছে না।













