বিনোদন

দক্ষিণী ছবিতে নাইজেল আকারা

গুলশনারা
কলকাতা,২১জানুয়ারি ২০১৩

naijal akkara

মুক্তধারা ছবির বাল্মীকি নাইজেল আকারা। ছবি- তাপস বসু।

কোনও ব্যাপারেই বাড়াবাড়ি জিনিসটা তেমন পছন্দ নয় 'মুক্তধারা' ছবির বাল্মীকি নাইজেল আকারা-র! তাই একদা সাফ সাফ জানিয়েছিলেন, ঢের হয়েছে, অভিনয় নিয়ে এখনই আর মাথা ঘামাচ্ছেন না তিনি। তবে মত পাল্টে আবার নাইজেল অভিনয় করতে চলেছেন ছায়াছবিতে। তফাতের মধ্যে এবারের ছবিটা পুরোপুরি তৈরি হচ্ছে দক্ষিণে।

টলিউডের জনপ্রিয়তম অভিনেত্রীর বিপরীতে জীবনের প্রথম ছবিতে ব্রেক বা চেনা ছকের বাইরে রাতারাতি সুপারস্টার হওয়ার গল্পটা বড় ক্লিশে হয়ে গিয়েছে নাইজেলকে নিয়ে। কিন্তু তাঁকে ঘিরে মাতামাতি করার কারণ এটা নয়। জেলের জীবন থেকে মুক্তির পর প্রথম ছবি 'মুক্তধারা'-র সাফল্যের পরেও অনেকের মনে সন্দেহ ছিল, খুনির প্রবণতা নিয়ে এ বেশিদিন টিকবে তো 'এ লাইনে'? নীরবে উত্তর দিয়েছেন নাইজেল। পরবর্তী ছবি 'মুক্তধারা-২' হবে কিনা, তা নিয়ে টলিউডে জল্পনা চললেও, নাইজেল কিন্তু আড়ালে নতুন জীবনের কেরিয়ার গোছাতে ভীষণ ব্যস্ত। পরবর্তী ছবিতে সইও করে ফেলেছেন। তবে এবার আর বাংলা নয়। এবার মাতৃভাষা মলয়ালম-এই মন দিতে চাইছেন তিনি। তাই নির্দেশক এম পদ্মকুমারের পরবর্তী ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় নিয়ে বেশ টেনশনে এই অভিনেতা।

তা, এবারে কীরকম ধরনের চরিত্র পেলেন তিনি? শোনা যাচ্ছে তাঁর চিরাচরিত 'মাচো' লুক বাদ দিয়ে এবারে একেবারে রয়্যাল চেহারায় সামনে আসবেন তিনি। ছবিতে ওড়িশার এক জমিদারের ভূমিকায় তাঁকে দেখতে পাব আমরা। নাইজেল ছাড়াও এ ছবিতে আছেন মলয়ালম স্টার উন্নি মুকুন্দন এবং সনিকা নাম্বিয়ার। তাই সব শুনেটুনে খানিক অভিনয় প্র্যাকটিসে ব্যস্ত তিনি। জানাচ্ছেন, 'আমায় পরিচালক এম পদ্মকুমার নিজেই ফোন করে রোল অফার করেন। এমনকি, ছবির জন্য কোনও অডিশনও দিইনি। কিন্তু ছবিতে বাকি যারা আছেন তাঁরা তো রীতিমতো স্টার, তাই একটু নার্ভাস লাগছে আর কী'!

আর মুক্তধারা ২? সেই ছবিটা করছেন কি তিনি? ছবিটার অফার পেয়েও তা না করার প্রশ্নে তাঁর অভিনয় জগৎ ছেড়ে দেবার গুজব শোনা যাচ্ছিল। কিন্তু সেসব উড়িয়ে দিয়ে নাইজেল বলছেন, 'আমি কখনও বলিনি সিনেমা জগৎ ছেড়ে দেওয়ার কথা। আমি বলেছিলাম, আমি ভুলভাল ভিলেনের রোল করব না, যারা হিরোইনকে তুলে নিয়ে গিয়ে রেপ করে বা ওই জাতীয় কিছু। সরফরোশে নাসিরুদ্দিন শাহ-র মতো নেগেটিভ রোল পেলে নিশ্চিত করব। আর বাংলায় মুক্তধারার পরে যেসব ছবিতে কাজের অফার এসেছে, সেগুলো ওই আমার অপছন্দের ভিলেনের রোলেই। আমি অভিনেতা হতে চাই, চরিত্রাভিনেতা নয়। তাই পদ্মকুমারের ছবির গল্প শুনে একবারে রাজি হয়ে গেছি। আমি এক জমিদার এই ছবিতে। দর্শকরা ছবি দেখতে দেখতে প্রায় বছর ২৫ আগের সময়ে চলে যাবেন'।

১২ জানুয়ারি এই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। মুক্তধারা বক্স-অফিসে নানান সমালোচনার মুখে পড়লেও নাইজেল প্রথম অভিনয় প্রশংসিত হয়েছিল। অন্য দিকে বিখ্যাত হওয়ার পরেই তাঁর সঙ্গে আলিপুর সেন্ট্রাল জেলে অভিযুক্ত বাদল চন্দ্র সাহা আর গৌতম মন্ডলকে ম্যানেজার হিসেবে নিযুক্ত করে ফের খবরের মুখে পড়েন নাইজেল। কিন্তু নাইজেলের কাছে পাবলিসিটি কাম্য তাঁর অভিনয় জীবন থেকে। দেখা যাক বাংলার পর দক্ষিণে কতটা সফল হতে পারেন তিনি।
 

অন্যরা যা পড়ছেন

এই বিষয়ে আরও

জনপ্রিয়

সমস্ত ভিডিও

খুচরোর খরায় ডিউ স্লিপ!

এবিপি আনন্দ

দেখেছেন 32 জন

আমে স্বস্তি, মুরগিতে অস্বস্তি

এবিপি আনন্দ

দেখেছেন 60 জন

খোকার ৪২০ প্রেম

এসকে মুভিজ

দেখেছেন 337 জন

দুই পুলিশের মারপিট

এবিপি আনন্দ

দেখেছেন 353 জন