রাজ্যের খবর
মাদক ও জাল নোট সহ গ্রেফতার ১
ডিজিটাল ডেস্ক
কলকাতা, ৩১ ডিসেম্বর, ২০১২
মাদক বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল বসিরহাট থানার পুলিশ। ধৃতের কাছ থেকে বেশ কয়েকটি জালনোটও উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে বসিরহাট থানার উত্তর কোদালিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। তার নাম ফারুক আহমেদ। তার বাড়ি বাদুরিয়া থানার স্ত্রীকাঠি গ্রামে। মাদক বিক্রির উদ্দেশ্যে সে উত্তর কোদালিয়া গ্রামে ঘোরাফেরা করছিল। গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তাঁরা ফারুককে ধরে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ ফারুকের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন, ৩টি একহাজার টাকার এবং চারটি পাঁচশো টাকার জালনোট উদ্ধার করেছে। তাকে জেরা করে কোথা থেকে ওই মাদক এবং জাল নোট এনেছিল কাকে দেওয়ার উদ্দেশ্য নিয়ে গ্রামে ঢুকেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় আর কারা জড়িত তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফারুককে।













