রাজ্যের খবর
প্রধানমন্ত্রীকে গিয়ে কি মারব, প্রশ্ন মমতার
ডিজিটাল ডেস্ক
কলকাতা, ২১ জানুয়ারি, ২০১৩
জয়পুরে মনমোহন সিংহের সমালোচনার জবাব দিতে গিয়ে তাঁকে নজিরবিহীন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্তন শিবিরে প্রধানমন্ত্রী দাবি করেন, কেন্দ্রের প্রকল্পগুলিতে নিজেদের বলে প্রচার করে সাফল্য দাবি করছে বিরোধীরা। সরাসরি তাঁর নাম করা না হলেও কটাক্ষের আঁচ লেগেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গায়েও।
সোমবার ক্যানিংয়ের সভায় পাল্টা কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মনমোহন সিংহ, সনিয়া গাঁধীকে আক্রমণ করে মমতা বলেন, কর বাবদ রাজ্যের থেকে টাকা নিয়ে যায় কেন্দ্র। সেই টাকাই আবার কেন্দ্রীয় প্রকল্পের নামে রাজ্যকে দেয়। রাজ্যের টাকা কেন্দ্রকে নিয়ে যেতে দেব না, বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। সারের দাম নিয়েও প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, সারের দাম বাড়ায় কেন্দ্র। এ নিয়ে দশবার প্রধানমন্ত্রীকে বলেছি। আর কী করব? প্রধানমন্ত্রীকে গিয়ে কি মারব?
স্বাভাবিক ভাবেই তাঁর এই মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে নানা মহলে। তবে কি শালীনতার মাত্রা ছাড়ানোর রেওয়াজ চালিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত ভোট সামনে, সেই কারণেই কেন্দ্র সহ কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মমতা।













